বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মছলন্দপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুন: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নির্যাতিতা তরুণীর অভিযোগ পাওয়ার পরেই কিঙ্কর মজুমদার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকার নতুনপল্লী এলাকায়।

দীর্ঘ দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে কিঙ্কর। তরুণী বিয়ের প্রস্তাব দিতেই খুনের হুমকি দেয় বলে অভিযোগ। এরপর গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তরুণী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিঙ্করকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাকে বারাসাত আদালতে তোলা হয়।

সূত্রের খবর, অভিযুক্ত কিঙ্কর মজুমদারের সঙ্গে নতুনপল্লীর বাসিন্দা এক তরুণীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালীন বিয়ের প্রতিশ্রুতি দেয় কিঙ্কর। অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিগত দুই বছর ধরে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এরপর কিঙ্করকে তরুণী বিয়ের কথা বললে বিভিন্ন কথা সাজিয়ে এড়িয়ে যায়। ধিরে ধিরে তরুণীর থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করে। এমনকি খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বাধ্য হয়ে ওই যুবতী পুলিশের দ্বারস্থ হয়। অবশেষে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কিংকরকে বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *