আমাদের ভারত, হাওড়া, ৫ মে: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শ্যামপুরের বারগ্রাম অঞ্চলে রোড শো করেছিলেন। আর সেই রোড শোর কারণে বারগ্রাম অঞ্চলের বনমালী নগরে রাস্তার পাশে থাকা শহিদ বেদী অপবিত্র হয়েছিল। এই অভিযোগে বুধবার পুজো পাঠ, হোম যজ্ঞ করে শহিদ বেদীর পাশাপাশি এলাকা শুদ্ধিকরণ করল শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস।
বুধবার সকালে বনমালী নগরে একাধিক পুরোহিত নিয়ে এসে পুজো পাঠ ও হোম যজ্ঞের মাধ্যমে শহিদ বেদী শুদ্ধিকরণ করা হল। শুধু তাই নয় এর পাশাপাশি হরিনাম সংকীর্তনের আসর ও বসানো হল তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে।

সূত্রের খবর, গত ৩ এপ্রিল শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে বারগ্রাম অঞ্চলে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের অভিযোগ সেই সময় বিজেপির রাজ্য সভাপতির ছোড়া ফুলে বনমালী নগরে রাস্তার পাশে থাকা তৃণমূলের শহিদ বেদী অপবিত্র হয়। নির্বাচন প্রক্রিয়া চলার কারণে শুদ্ধিকরণ করা যায়নি। নির্বাচন মিটতেই শুদ্ধিকরণ করা হল।
এদিনের এই শুদ্ধিকরণ কমসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, বারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক দাস সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে তৃণমূল কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।


