আমাদের ভারত, হাওড়া, ১৬ নভেম্বর: করোনা সুরক্ষা বলয়, হ্যান্ড সেনেটাইজার, থার্মাল স্ক্রিনিং- বিদ্যালয় খোলার প্রথম দিনে সবকিছুই প্রস্তত রেখেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। আর সেইমত মঙ্গলবার সকালে করোনা সুরক্ষা বিধি মেনেই ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করানো হল।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড়বছর বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে রাজ্যে বিদ্যালয়, কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় খুলল। আর দীর্ঘদিন পর পুরানো দিন ফিরে পাওয়ায় ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। অবশ্য শুধু ছাত্র ছাত্রী নয় দীর্ঘদিন পর বিদ্যালয় ছাত্র ছাত্রীদের কোলাহলে ভরে ওঠায় খুশি শিক্ষক শিক্ষিকারা। এদিন সকালে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করার সময় প্রত্যেককে নির্দিষ্ট সুরক্ষা বলয়ে দাঁড় করানো হয়। পরে প্রতিটি ছাত্রছাত্রীকে থার্মাল স্ক্রিনিং এর পাশাপাশি হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। পরে নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের বসানো হয়।

তবে শুধু ক্লাস রুমে বসা নয়, করোণ সংক্রমণ রোধে বেশকিছু নির্দেশিকা জারি করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। এদিন বিদ্যালয়গুলিতে যেরকম সুরক্ষা বিধিমানা হয়েছিল সেইরকম কলেজগুলোতেও সুরক্ষা বিধি মানার ব্যবস্থা করা হয়েছিল। তবে দীর্ঘদিন পর কলেজ খোলায় বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। অন্যদিকে দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে খুশি ছাত্র-ছাত্রীরা। তাদের মতে করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করতে হচ্ছিল। যার ফলে তাদের দমবন্ধ হয়ে আসছিল। ছাত্র ছাত্রীদের মতে বিদ্যালয়ে এসে ক্লাসরুমে ক্লাস করার অনুভূতি আলাদা, দীর্ঘদিন পর সেই অনুভূতি ফিরে পাওয়ায় আনন্দ লাগছে বলে জানায় ছাত্র ছাত্রীরা।
প্রসঙ্গত দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা দপ্তরের নির্দেশে মঙ্গলবার থেকে রাজ্যে বিদ্যালয় খুলেছে। যদিও এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরাই বিদ্যালয়ে আসতে পারবে। অন্য ক্লাসের ছাত্র ছাত্রীদের আগের মত অনলাইনে ক্লাস হবে।

