আমাদের ভারত, বর্ধমান, ২ জানুয়ারি: বালি খাদানের দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মীর নাম শেখ পান্নালাল ওরফে ফটিক। বর্ধমানের ইদিলপুর এলাকার ঘটনা।
ঘটনার সূত্রপাত শনিবার বিকালে। এদিন বর্ধমানের সদরঘাট এলাকায় পিকনিক করতে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সাময়িকভাবে সেই অশান্তি মিটে গেলেও রবিবার সকালে শেখ ফটিক বালিখাদে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তাকে উদ্দেশ্য করে গুলি চালায় সুনীল চৌধুরী। সেই গুলি তার পায়ে লাগে বলে জানিয়েছেন শেখ পান্নালাল। তিনি এখন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ করেন পান্নালালের পরিবার। এলাকা দখলের জন্য তার ছেলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন শেখ পান্নালালের মা মদিনা বিবি।
যদিও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা উড়িয়ে দিয়ে তার দাবি যারা গুলি চালিয়েছে তারা বিজেপির লোকজন।
বালি ব্যবসায়ী রাজনাথ চৌধুরী জানান, শেখ ফটিক রবিবার সকালে দলবল নিয়ে তার ভাই অরুণ চৌধুরীর বাড়িতে হামলা করে। অরুণ চৌধুরীর বাড়িতে হামলার পাশাপাশি তার বাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ। রাজনাথ চৌধুরীর একটি মোটর সাইকেল ভাঙ্গচুর করা হয়। বাড়ির আসবাবপত্র ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। শেখ পান্নালাল নিজেই তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন রাজনাথ চৌধুরী। তবে পান্নালাল কিভাবে গুলিবিদ্ধ হল সে বিষয়ে কিছু বলতে অস্বীকার করে তারা। ঘটনাস্থলে এসে পৌঁছায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। গোটা এলাকাজুড়ে চলছে পুলিশি টহলদারি।

