পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় এলাকায় বেশ কিছুদিব ধরেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিককালে একাধিকবার সেই কোন্দল প্রকাশ্যেও আসে। মঙ্গলবার রাতে সেই কোন্দল মেটাতে বিধায়ক উত্তরা সিং হাজরার নেতৃত্বে একটি বৈঠকের ডাক দেওয়া হয় দলীয় কার্যালয়ে। বৈঠকের মাঝেই এলাকার দুই নেতার অনুগামীদের মধ্যে বিবাদ বাধে। বিবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।

দুই পক্ষের হাতাহাতিতে আহত হয় ৩ তৃণমূল কর্মী। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবির। এখনও পর্যন্ত তৃণমূলের তরফে মেলেনি কোনো প্রতিক্রিয়া।

