স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জুন: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বুথ কমিটি গঠন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ভূপালপুর এলাকায়। আহত অঞ্চল সভাপতি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর ওই পঞ্চায়েতের উপপ্রধানের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্ব মেনে নিলেও এই ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন উপপ্রধান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

উল্লেখ্য, সোমবার রাতে বীরঘই অঞ্চলের ভূপালপুর বুথে তৃণমূল কংগ্রেসের নতুন বুথ কমিটি ঘোষণা করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি কৈলাশ চন্দ্র বর্মন সহ কয়েকজন নেতৃত্ব। ফেরার পথে ভূপালপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী লাঠি সোঁটা নিয়ে তাকে আক্রমণ করে বলে অভিযোগ। সোমবার মধ্যরাতের এই ঘটনায় আহত অঞ্চল সভাপতিকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্ত ঘটনা দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলেই জানিয়েছেন আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতারা। ঘটনায় আহত কৈলাশ চন্দ্র বর্মন অবশ্য ক্যামেরার সামনে উপ প্রধানের নাম না তুললেও উপ প্রধানের গোষ্ঠীর বিরুদ্ধেই তাকে মারধরের অভিযোগ তোলেন।
অন্যদিকে, এই ঘটনায় বীরঘই পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল আলম এই ঘটনা তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষ বলে স্বীকার করে নিয়েছেন। তবে তিনি এই বিষয়ে কিছু জানেন না, আর বিষয়টি তিনিও ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে বলে দাবি করেন।

