বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল:
বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিপ্লব মন্ডল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মল্লাবের এলাকায়। মৃত ব্যক্তির নাম কুশ মন্ডল। বয়স আনুমানিক ৬২ বছর।

সূত্রের খবর, শান্তিপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার বিপ্লব মন্ডল এর আগেও একাধিকবার তার বাবা মাকে মারধর করতো বলে অভিযোগ। আজ সকালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিপ্লব মন্ডলের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি শুরু হলে হঠাৎ তার বাবার উপর আক্রমণ করে বলে অভিযোগ। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বাবাকে। আর তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা কুশ মন্ডলের। এরপরই উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিপ্লব মণ্ডলকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এর পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত কুশ মন্ডলের পরিবারের অভিযোগ, প্রায়ই অভিযুক্ত বিপ্লব মন্ডল মদ্যপান করে তার বাবা মার উপর অত্যাচার চালাত। এমন চাঞ্চল্যকর ঘটনায় হতবাক এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *