তমলুকে ৪১ নম্বর জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় মৃত কর্তব্যরত সিভিক পুলিশ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল: তমলুক থানার কাকগেছিয়া এলাকায় ডিউটি করার সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের।

আজ সকালে তমলুকের কাকগেছিয়া এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় হঠাৎই মেচেদার দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে ডিভাইডারের ওপর গিয়ে ধাক্কা মারে। সনাতন পাল নামের ওই সিভিক ভলান্টিয়ারকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত ওই সিভিককে মৃত বলে জানায় হাসপাতালের চিকিৎসক। মৃত সনাতন পালের বাড়ি তমলুক থানার চকগাডুপতায়। বয়স প্রায় ৩০ বছর। গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ। গাড়ির চালক পালানোর চেষ্টা করলেও এলাকাবাসীরা তাকে ধরে ফেলে। এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে চালককে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাকে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ।

মৃত সনাতন পালকে দেখতে হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের আধিকারিক ও তমলুক থানার আইসি। সনাতন পালের এই আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *