আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ আগস্ট: টোটো ভাড়া যাত্রী প্রতি নূন্যতম কুড়ি টাকা করার দাবিতে আন্দোলনে নামল সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি ই-রিকশা চালক ইউনিয়ন। শহরে মিছিল করে শুক্রবার পুরসভা ঘেরাও কর্মসূচিতে সামিল হলেন ইউনিয়নের নেতা কর্মীরা। কিন্তু পুরসভায় পুর কর্তৃপক্ষের কেউ না থাকায় পুরসভার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে আন্দোলনকারীদের। দীর্ঘক্ষণ বাদে পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল আসেন।
এ দিন টোটো চালকরা দিশারি মোড় থেকে মিছিল করে পুরসভার সামনে এসে বিক্ষোভে সামিল হলেন। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধির বাজারে টোটোর ন্যূনতম যাত্রীভাড়া ২০ টাকা সরকারিভাবে পুর কর্তৃপক্ষকে ঘোষণা করতে হবে। শহরে যানজট সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও নতুন টোটো বিক্রির ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করতে হবে। এছাড়া শহরের সমস্ত বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি তোলা হয়।

ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন, “সব জিনিসের দাম বেড়েছে। টোটো চালকদের সংসারে টান পড়েছে। এই কারণে দশ টাকার ভাড়া কুড়ি টাকা করার দাবি তোলা হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে আমরা তিনবার আন্দোলন করলাম পুর কর্তৃপক্ষ থাকছেন না। আমাদের দাবি, পুর কর্তৃপক্ষ টোটো ভাড়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক।”
এদিকে পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “টোটো আন্দোলনকারীরা এসেছিলেন। তাঁদের ২ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছে। তাঁদের দাবিদাওয়া আলোচনা করে পুজোর আগে সমস্যা সমাধান করা হবে।”

