পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল: খড়্গপুর স্টেশন চত্বরে দোকানদারদের পুনর্বাসন না দিয়ে রেলের উচ্ছেদ করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার খড়্গপুর ডিআরএম অফিসে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিল নাগরিক প্রতিরোধ মঞ্চ। এদিন খড়্গপুর স্টেশন চত্বরে এই দাবিতেই চলে মিছিল। বিক্ষোভ দেখানো হয় ডিআরএম দপ্তরে।
নাগরিক প্রতিরোধ মঞ্চের দাবি, স্টেশন চত্ত্বরের দোকানদারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার চেষ্টা করছে রেল। কেন্দ্রীয় সরকারের জাতীয় হকার নীতি অনুযায়ী বিকল্প ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করতে পারে না, কিন্তু রেল কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই হকার উচ্ছেদের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, খড়্গপুর স্টেশন চত্বর কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়া যাবে না, উন্নয়নের নাম করে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া যাবে না এবং রেলসহ রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বেসরকারিকরণ করা চলবে না।
নাগরিক প্রতিরোধ মঞ্চের সম্পাদক সুরঞ্জন মহাপাত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এদিন ডিআরএমের কাছে ডেপুটেশন দেন। সুরঞ্জনবাবু বলেন, রেল পুনর্বাসন না দেওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী আন্দোলন চলবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগরিক প্রতিরোধ মঞ্চের সদস্য বংশী মন্ডল, গোপাল মাইতি, সূর্য পয়ডা, শীর্ষেন্দু শাসমল, দীপক পাত্র, দীনেশ মেইকাপ প্রমুখ নেতৃবৃন্দ।

