অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ মে: স্বাধীনতার ৭৫ বছর পরেও রেল পরিষেবা থেকে বঞ্চিত ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্ৰাম এলাকার মানুষ। তাই এলাকার মানুষের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে আগামী দিনে গোপীবল্লভপুর, নয়াগ্ৰাম এলাকার মানুষের জন্য রেল পরিষেবা চালুর দাবিতে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে গোপীবল্লভপুরের বর্গিডাঙ্গাতে হল নাগরিক কনভেনশন। কনভেনশনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিলেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ। এলাকায় রেলপথ স্থাপনের দাবিতে আগামী দিনে আন্দোলনের রুপরেখা তৈরি করতে মতামত দিলেন উপস্থিত ব্যক্তিরা।
উল্লেখ্য, জঙ্গলমহলের পিছিয়ে পড়া এলাকা গোপীবল্লভপুর, নয়াগ্ৰাম এলাকার মানুষের এখনো যোগাযোগের একমাত্র ভরসা সড়কপথ। বেশিরভাগ এলাকা জঙ্গলে ঘেরা থাকায় সূর্যে আলো ডুবলে এলাকার বাস পরিষেবা বন্ধ হয়।তাই এলাকার মানুষের প্রয়োজন উপলব্ধি করে গত লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে এলাকায় রেল পরিষেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ভোট পেরিয়ে চারবছর কাটলেও কেন্দ্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি।তাই আগামী দিনে রেলপথ নিয়ে আন্দোলন গড়ে তুলতে এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষ একজোট হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

