জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ মে:
মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণরত পুলিশ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে তর্ক করার সময় মারধর করে পালিয়ে যায় জয় সিংহ নামে ওই জওয়ান। রবিবার দুপুরে তাকে আটক করে পুলিশ।
জানাগেছে, সকাল থেকে কুইকোটা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণরত দু’জন পুলিশকর্মী ওই জওয়ানের বাইকের কাগজপত্র দেখতে চাইলে সে মোবাইল থেকে তার বাইকের কাগজপত্র পত্র দেখানোর চেষ্টা করে। সেই সময় ট্রাফিক পুলিশ তা দেখতে না চেয়ে বাইকের চাবিটি তুলে নেয়। সিআইএসএফের ওই জওয়ান জানায়, তাদের ট্রাফিক নিয়ন্ত্রণে ভুল হচ্ছে এভাবে কাগজপত্র না দেখে চাবি তুলে নেওয়া ঠিক না। যুবক তার পরিচয় জানানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর প্রথমে বিতর্ক এবং পরে চড়-থাপ্পড় শুরু করে দেয়। এইসব ছবি মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। আক্রান্ত পুলিশ কর্মীরা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের জানালে ওই যুবককে আটক এবং জেরা করা হয়। পরে ঝামেলা মিটিয়ে ফেলেন পুলিশ আধিকারিকরা। ধৃত সিআইএসএফ জওয়ানের বাড়ি মেদিনীপুর শহরের গোলাপীচক এলাকায়।

