লালন শেখের বাড়িতে সিআইডি’র ফরেনসিক দল

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ ডিসেম্বর: বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে তদন্ত চালাল চার সদস্যর ফরেনসিক দল। তারা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে নমুনা সংগ্রহ করেন। কথা বলেন লালনের স্ত্রী রেশমা বিবির সঙ্গে। তবে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাননি।

প্রসঙ্গত, ২১ মার্চ রাতে ভাদু শেখ খুন হন এবং তার বদলা নিতে ১০ জনকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে সিবিআই লালন শেখের বাড়ি সিল করে দিয়েছিল। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর আদালতের নির্দেশে লালন শেখের বাড়ির সিল খুলে দেয় সিবিআই। বাড়িতে ঢুকে লালনের স্ত্রী রেশমা বিবি দেখেন সব লণ্ডভণ্ড। বিছানা সামগ্রী ছিঁড়ে ফেলা হয়েছে। বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আলমারি সব ভাঙ্গা। এরপরেই রেশমা বিবি রামপুরহাট থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সিআইডির চার সদস্যের ফরেনসিক প্রতিনিধি দল তদন্তে লালনের বাড়িতে যায়। তাঁরা বাড়ির ছাদে উঠে কিছু নমুনা সংগ্রহ করে। কথা বলে রেশমা বিবির সঙ্গে। তবে এনিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাননি সিআইডি আধিকারিকরা।

রেশমা বিবি বলেন, “সিবিআই হেফাজতে কিভাবে বাড়ির ভিতর থেকে জিনিসপত্র চুরি গেল তার তদন্ত চেয়ে আমি আবেদন করেছি থানায়। বন্ধ বাড়িতে খাট, ফ্রিজ ভেঙ্গে দিয়েছে। আলমারি ভেঙ্গে সোনার গয়না নিয়ে পালিয়েছে। খাটের নিচে থাকা ৫০ হাজার টাকা চুরি গিয়েছে। এসি মেশিন ভেঙ্গে দিয়েছে। কারা এসব করেছে আমি বলতে পারব না। আমরা এর সঠিক তদন্ত চাই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *