Chit fund, Asha workers, আশা কর্মীদের পাশে চিট ফাণ্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তদের সংগঠন

আমাদের ভারত, ২১ জানুয়ারি: প্রতিবাদী আশা (অ্যাক্রেডিটেড সোস্যাল হেল্থ অ্যাক্টিভিস্ট) কর্মীদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদ করল অল বেঙ্গল চিট ফাণ্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, রাজ্যের ইতিহাসে আজ একটা কালো দিন।

চিট ফাণ্ড সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী বুধবার জানান, আশা কর্মীদের বকেয়া দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। সংগঠনের অবস্থান কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছিল আশা কর্মীরা। বিভিন্ন স্থান থেকে তাঁরা ট্রেনে আসছিলেন গতকাল থেকে।

অভিযোগ, গত রাত থেকে প্রতিবাদী আশা কর্মী বেশ কিছু নেতা-নেত্রীর বাড়ি ঘিরে রাখা হয়। রাজ্য পুলিশ বাড়িতে বাড়িতে হামলা করে, সমস্ত গণতান্ত্রিক নিয়ম নীতি পদদলিত করে শত শত নেতা ও কর্মীকে আটক করা হয়। বুধবার সকাল থেকে হাজার হাজার আশা কর্মী মা, বোনদের উপর নৃশংস হামলা করে পুলিশ। টিকিট থাকা সত্ত্বেও আশা কর্মীদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি।

রূপমবাবুর অভিযোগ, আমাদের সংগঠনের দাবি, অবিলম্বে আশা কর্মীদের দাবি পূরণ করা হোক। সাথে আনুমানিক ৮০ হাজার আশা কর্মীর দীর্ঘ ঐতিহাসিক আন্দোলন ও দৃঢ়তা, বলিষ্ঠ, উন্নত সংগ্রামী চেতনাকে আমাদের সংগঠন কুর্নিশ জানাচ্ছে। দলমত নির্বিশেষে রাজ্যের সকল মানুষকে এই ঐতিহাসিক আন্দোলনের পাশে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *