বিজেপির অশ্বমেধের ঘোড়া বাংলায় এসে আটকে যাবে, প্রধানমন্ত্রীর সমাবেশকে কটাক্ষ চিরঞ্জিতের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৭ মার্চ:
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করলেন বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, “বিজেপি আসলে বহিরাগত, এরা যে মঞ্চ থেকে ভাষণ দেয়, সেই মঞ্চের পিছনে ব্যানারে বাংলায় কি লেখা আছে, সেটা পড়তে পারে না। যারা বাংলায় এসে বাংলা পড়তে পারে না, তাদের বহিরাগত বলব। ওরা বলছে সোনার বাংলা গড়বে। আমার প্রশ্ন হল, ওরা তো দেশ চালাচ্ছে, তবে শুধু বাংলাকে সোনার বানাবে কেন? বাকি রাজ্যগুলো কেন সোনার হবে না? এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বার বার আসছে বাংলায়।” উত্তর ২৪ পরগনার বারাসত পৌরসভার সভাগৃহে দলীয় কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠকে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠক করে একথা বলেন বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী।

তিনি বলেন, “আমার মনে হচ্ছে, বিজেপি একটা অশ্বমেধের ঘোড়া ছেড়ে দিয়েছে। সেই ঘোড়াটা বাংলায় এসে আটকে যাচ্ছে। ওরা মনে করছে, বাংলার রাজাকে পরাভূত করতে পারলে ওদের কার্যসিদ্ধি হবে। তাই ওদের গোটা মন্ত্রীমন্ডল বার বার আসছে, এতে লাভ নেই। যে কোনও সার্ভে রিপোর্টে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ৫৫% জনতার সমর্থন পাচ্ছেন, অন্যরা সেখানে ১১ বা ১৩ % এ থেমে গেছে। তাই বাংলায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

চিরঞ্জিত চক্রবর্তী এই নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী হলেন বারাসাত কেন্দ্র থেকে। আগেও দুবার তিনি এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়ে ছিলেন। চিরঞ্জিত বলেন, “বাংলার উন্নয়নে বারাসত শহরে হাসপাতাল থেকে রাস্তাঘাটের উন্নয়নে বা শহরের পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন সামাজিক প্রকল্পে যা কাজ হয়েছে তা অভূতপূর্ব। উন্নয়ন একটা অবিরাম গতি। আমার এখানে একটা আর্ট গ্যালারি করার ইচ্ছা আছে। যদি আগামীদিনে জিতে আসার পর ফান্ড পাই সেই কাজ শুরু করব। উন্নয়ন অবিরাম গতি, সেই গতি জারি থাকবে।” বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী মানে করেন উন্নয়নের পক্ষে মানুষ রায় দেবে। এবার জিতে তিনি রাজ্য সরকারের সঙ্গে জয়ের হ্যাট্রিক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *