“কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন,” অভিযোগে সরব বিজেপি

আমাদের ভারত, ৮ আগস্ট: কংগ্রেসকে চিন টাকা দিচ্ছে। রাহুল গান্ধী সংসদে ফিরতে এই অভিযোগ তুলে সরব হলো বিজেপি। নিউইয়র্ক টাইমস- এর একটি প্রতিবেদনকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে ময়দানে নামল কেন্দ্রের শাসক দল। বিজেপির দাবি, চিনা প্রপাগাণ্ডা ছড়াতে সিদ্ধহস্ত একটি সংবাদমাধ্যমকে তদন্তের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে কংগ্রেস।

সাংসদ পদ ফেরত পেয়ে রাহুল গান্ধী মঙ্গলবার সংসদে যান। সোমবার লোকসভার সেক্রেটারিয়েটেড- এর তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তারই মধ্যে কংগ্রেসকে কোণঠাসা করতে চিনকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ল বিজেপি। আর নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন তাদের হাতিয়ার। সংসদে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন। নিউজ ক্লিক- এর মত চিন পন্থী নিউজ ওয়েবসাইটের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কংগ্রেস। এছাড়াও রাহুলের সঙ্গে চিনের রাষ্ট্রদূতের সম্পর্ক অত্যন্ত ভালো বলে দাবি করেছেন একাধিক পদ্মনেতা। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে রাহুলের।

অন্যদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করে বলেন, ২০২১ সালে আর্থিক দুর্নীতির মামলায় নিউজ ক্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। জানা যায়, বিদেশ থেকে প্রায় ৩৮ কোটি টাকা আসে সংস্থাটির অ্যাকাউন্টে। টাকার উৎস সন্ধানে নেমে নেভেল রয় সিংহমের কথা জানতে পারে তদন্তকারীরা। কিন্তু সব জেনেও নিউজ ক্লিককে আড়াল করার চেষ্টা করে কংগ্রেস।

নাৎসিদের কায়দায় বিশ্বজুড়ে প্রপাগান্ডা শুরু করেছে চিন বলে দাবি বিশ্লেষকদের একটা অংশের। শনিবার একটি প্রতিবেদনে নিউইয়র্ক টাইম দাবি করেছে, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন ধনকুবেরের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা, ভারত, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে মগজ ধোলাইয়ের কাজ করে চলেছে বেজিং। নেভিল এবং তার প্রচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত কিছু সংস্থার মধ্যে রয়েছেন নো কোল্ড ওয়ার, নিউজক্লিক এবং কোড পিন্ড। নিউইয়র্ক টাইমসের মতে, সম্প্রতি ওই সংস্থাগুলি চিনের হয়ে কথা বলছে। ভারতে নাকি একই রকম কাজকর্ম চালাচ্ছিলেন নেভিল। তার একটি নিউ সাইটে হানা দিয়ে ভারতের তদন্তকারী সংস্থাগুলি আমেরিকার জমিতে গজিয়ে ওঠা বেশ কয়েকটি সন্দেহজনক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেই নাকি এই কাজকর্মের টাকা যোগাড় করা হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *