Festival, Belda, সুস্থ শরীর ও সুন্দর মন গড়ার লক্ষ্য, শিশু কিশোর উৎসব বেলদায়

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: বিদ্রোহী কবির ৫০তম স্মরণ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কমসোমল পরিচালিত শিশু কিশোর সম্মিলনী প্রস্তুতি কমিটির পক্ষ থেকে দুই দিনের শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হলো বেলদার দেউলি সুধীর হাই স্কুলে। নজরুল ইসলাম ও আপোষহীন ধারার বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই শিশু কিশোর উৎসব শুরু হয়।

১৪ ও ১৫ ফেব্রুয়ারি এই শিশু কিশোর উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মসূচি, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, মূকাভিনয়, পিটি ও দেওয়াল পত্রিকা, পোস্টার লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেখানো হয় ‘অঙ্ক কী কঠিন’ সিনেমা। দেড় শতাধিক শিশু কিশোর এই উৎসবে সামিল হন। গান, আবৃত্তি, নৃত্য, যোগা প্রভৃতি পরিবেশন করেন শিশু কিশোররা। সমাপনী আলোচনা সভায় শিশু- কিশোরদের সুস্থ শরীর, সুন্দর মনন গড়ে তোলার লক্ষ্যে আলোচনা করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অনুরূপা দাস। এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদক কমরেড তুষার জানা এবং কমসোমল পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠনিক কমিটির যুগ্ম কনভেনর কমরেড শুভেন্দু মন্ডল, রাজ্য কমিটির সদস্য বিপুল জানা, কমসোমল পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ইনচার্জ সুদীপ্তা মান্না সহ অন্যান্য নেতৃত্ব।

বক্তারা কৈশোরকে প্রস্ফুটিত করে যথার্থ মানুষে বিকশিত হওয়ার নানান দিক তুলে ধরেন। স্বার্থপরতা, কুপমণ্ডুকতা, গোঁড়ামি মুক্ত, বন্ধু বৎসল এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো কৈশোরের যথার্থ স্বার্থকতার এদেশের মণীষা ও বিপ্লবীদের জীবনের নানান দিক থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। বর্তমানে মোবাইলের মাধ্যমে ও ভয়ঙ্কর অপসংস্কৃতির পরীমণ্ডলে বয়স সন্ধিক্ষণকে বিপথগামী করার আয়োজনের বিপরীতে এমনতর চর্চার প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আগামী দিনে শিশু কিশোরদের নিয়ে এধরনের সুস্থ চর্চা ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়ার জন্য ‘শিশু কিশোর সম্মিলনী, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটি’ গঠিত হয়। কুমকুম জানা ও শুভঙ্কর ঘাঁটি’কে যুগ্ম সম্পাদক করে ১৯ জনের জেলা কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *