শিবপুরে রামনবমীর মিছিলে পাথর ছুড়েছে শিশুরাও, হাওড়া পুলিশের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের

আমাদের ভারত, ৩ এপ্রিল: কলকাতার তিলজলায় সাত বছরের শিশু কন্যাকে খুন ও মালদহে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তে রাজ্যে এসেছিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। কিন্তু তদন্তে এসে কেন্দ্র ও রাজ্যের শিশু অধিকার কমিশনের মধ্যে টানা পোড়েন শুরু হয়ে যায়। এবার এই দুই ঘটনার সাথে হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনাতেও হস্তক্ষেপ করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো।

সোমবার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠীকে একটি চিঠি দিয়েছেন প্রিয়াঙ্ক। সেখানে তিনি দাবি করেছেন, দিন দুয়েক আগে হাওড়ার শিবপুরে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে শিশুদেরও অংশ নিতে দেখা গেছে। ইটপাটকেল ছুড়তে দেখা গেছে শিশুদেরও। প্রমাণ হিসেবে বেশ কিছু ভিডিও ফুটেজ যেগুলি টুইটারে পোস্ট হয়েছে তার লিংক পাঠিয়ে দিয়েছেন প্রিয়ঙ্ক। একই সঙ্গে বিষয়টি সম্পর্কে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন পুলিশ প্রশাসনের কাছে তিনি।

শনিবার তিলজলা কান্ডের তদন্তে কলকাতায় এসে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের সঙ্গে সমস্যায় জড়িয়ে ছিলেন প্রিয়ঙ্ক। তিলজলা থানার ওসির বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করেছিলেন প্রিয়ঙ্ক। তিলজলার ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি এবং তদন্তকারীদের ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর অভিযোগ, “কলকাতার পুলিশ মনে হয় না খুনিকে দোষী সাব্যস্ত করতে পারবে। ওরা তৎপর নয়।

তিলজলার পর একই ঘটনা ঘটে মালদহে। স্কুলের মধ্যে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়াতে গিয়ে ফের সুদেষ্ণার সঙ্গে বচসায় জড়ান তিনি। কেন্দ্রীয় কমিশনের চেয়ারম্যানের অভিযোগ, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাংলা সফরে এসে এই দুই ঘটনাকে কেন্দ্র করে টানাপোড়েন ও অভিজ্ঞতার কথা অবশ্যই প্রিয়ঙ্ক দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাবেন বলে বলে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই হাওড়ার শিবপুর কাণ্ড নিয়ে এবার রিপোর্ট তলব করে রাজ্য পুলিশের কাছে চিঠি দিলেন প্রিয়ঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *