জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ এপ্রিল: বৃহস্পতিবার রাতে চলন্ত পুরী-জয়নগর এক্সপ্রেস ট্রেনে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওড়িশার কটকের গৃহবধূ সোনি কুমারী। গৃহবধূ ও তার স্বামী এবং পরিবারের লোকজন ওই ট্রেনের সাধারণ কামরায় কটক থেকে বিহারের সমস্তিপুরে যাচ্ছিলেন। রাত ৮ টা নাগাদ ট্রেনটি বালেশ্বর পেরিয়ে খুড়দা রোড স্টেশনে ঢোকার সময় ওই গৃহবধূ বাথরুমে যান। এর পরেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে বিষয়টি তাঁরা সঙ্গে সঙ্গে টিটি বা রেল পুলিশকে না জানালেও ঘন্টা খানেক পর রেল কর্তৃপক্ষ তা জানতে পারে এবং প্রসূতিকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়।
রাত সাড়ে ৯ টা নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে বেঁকে বসেন গৃহবধূর স্বামী এবং আত্মীয়রা। অসচেতন মধ্যবিত্ত ওই পরিবারের সদস্যরা বলেন, আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই, সমস্তিপুর পৌঁছে যা ব্যবস্থা করার করব।
এই নিয়ে মেদিনীপুর স্টেশনে প্রায় দেড় ঘণ্টা ধরে টানাপোড়েন চলে। অবশেষে রাত ১১ টা নাগাদ রেল কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে সুঝিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং মাতৃমা বিভাগে প্রসূতি ও নবজাতককে ভর্তি করেন।

