বাবার পদবি ব্যবহার বাধ্যতামূলক নয়, সন্তান চাইলে মায়ের পদবিও ব্যবহার করতে পারে: দিল্লি হাইকোর্ট

আমাদের ভারত, ৬ আগস্ট:শুধু বাবার পদবি নয় মায়ের পদবি ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে সন্তানের। শুক্রবার একটি মামলার শুনানিতে এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে বাবার পদবী ব্যবহার করতে একেবারেই বাধ্য নয় কোন সন্তান।

নিজের কন্যা সন্তানের মায়ের পদবি ব্যবহারে আপত্তি জানিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। শুক্রবার সেই মামলার শুনানিতে ওই ব্যক্তির আবেদন খারিজ করে দেন বিচারপতি রেখা পল্লী। আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, যে স্বাস্থ্যবীমায় নিজের মেয়ের নাম রেখেছেন আবেদনকারী। কিন্তু সেখানে পদবি না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। বিচারপতি পল্লী এই যুক্তি কোনোভাবেই মানতে চাননি। তিনি বলেন, ওই কন্যাসন্তান নিজের মায়ের নাম কেন ব্যবহার করতে পারবে না? এই ধরনের মানসিকতা সত্যিই হতাশাজনক।

বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে আবেদনকারীর আইনজীবী জানান মেয়েটি প্রাপ্তবয়স্ক নয়। ফলে এখনো সে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত হয়নি। মেয়েটির বিবাহ বিচ্ছিন্না মা জোর করে তার নামের পাশে নিজের পদবি বসিয়েছেন। কিন্তু স্বাভাবিক অভিভাবক হিসেবে যা বোঝায় তা বাবা। মেয়ে কোন পদবি ব্যবহার করবে তা ঠিক করার অধিকার বাবার।

কিন্তু আবেদনকারীর আইনজীবীর এই মন্তব্যে খানিকটা রুষ্ট হয়ে বিচারপতি প্রশ্ন তোলেন, নাবালিকা হলেও মেয়েটি যদি মায়ের পদবি ব্যবহার করে খুশি হয় তাতে সমস্যা কোথায়? আর তারপরই আবেদনটি খারিজ করে দেন বিচারপতি পল্লী। তবে মেয়েটির বাবার নামের জায়গায় যাতে ওই ব্যাক্তির নামের উল্লেখ থাকে তার জন্য সে আলাদা করে মেয়েটির স্কুলে আবেদন জানাতে পারে বলেও জানিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *