পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: বাড়ির বাইরে খেলাধূলা করছিলো কয়েকজন শিশু। হঠাৎ করেই সেখানে শিয়ালের হানা। শিয়ালের কামড়ে আহত হল এক শিশু। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহিষামুড়ি গ্রামের।
জানাগেছে, বেশ কয়েকজন শিশু খেলাধুলা করছিল বাড়ির বাইরের একটি উঠানে। হঠাৎ করেই শিয়ালের হানা। একটি শিশুকে সামনে পেয়ে আক্রমন করে ওই শিয়ালটি। আহত শিশুর নাম রহিত হাজরা, বয়স ৮ বছর। শিশুটির বাবা শ্রীকৃষ্ণ হাজরা জানান, বিকালে খেলার সময় ঘটনাটি ঘটে হঠাৎ করেই শিয়াল দেখতে পেয়ে বাকিরা ছুটে পালিয়ে যায় এবং ওই শিশুটিকে একা পেয়ে তাকে কামড়ে দেয় শিয়ালটি। তার ঠোট কামড়ে ফালা ফালা করে দিয়েছে।
শিশুটির আর্তনাৎ শুনে দৌড়ে যায় পরিবারের লোকজন, তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। তড়িঘড়ি ওই শিশুটির পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুটিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন।

