অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ এপ্রিল: সরকারি উদ্যানের ঝোপ থেকে সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বর্গীডাঙা এলাকায়। জানা গেছে, শনিবার সন্ধে নাগাদ গোপীবল্লভপুরের সুবর্ণরেখা উদ্যানের ঝোপে একটি সদ্যজাত শিশু কন্যার দেহ দেখতে পান স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোপীবল্লভপু্র থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
এদিনকে ঝোপের ভেতর থেকে শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় মানুষজনের মনে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে। তবে পুলিশ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকদের সঙ্গে তদন্তের স্বার্থে যোগাযোগ করে জানতে পারেন শিশুটি মৃত অবস্থায় শনিবার সকালে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জন্ম নিয়েছিল। জন্মদাত্রী পূর্ব মেদিনীপুরের এগরার এক গৃহবধূ। এগরার ওই গৃহবধূ স্থানীয় এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকা অবস্থায় প্রসব যন্ত্রণা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়ে ওই মৃত সন্তানের জন্ম দেন।
তবে কেন কোনো শ্মশানে শিশু কন্যার সৎকার না করে সরাসরি উদ্যানে দেহ ফেলা হল এ বিষয়ে জানতে প্রসূতির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় স্থানীয় কোনো শ্মশানের খোঁজ না পেয়ে এই ফাঁকা জায়গায় শিশু কন্যার দেহ ফেলা হয়েছিল।

