দুর্গাপুজোয় বড় চমক! গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ হবে মুখ্যমন্ত্রীর সোলো গানের অ্যালবাম

আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: দুর্গাপুজোয় এবার বড় চমক। নিজের কন্ঠে গান গেয়ে শোনাতে চলেছেন মুখ্যমন্ত্রী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুরকার গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবার তিনি গান গাইলেন। মহালয় দিন প্রকাশিত হবে “বাংলা গান উৎসবের গান” শীর্ষক অ্যালবামটি।

অ্যালবামে তিনি মোট আটটি গান লিখেছেন ও সুর দিয়েছেন। পাশাপাশি একটি গান নিজের কন্ঠে গেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে প্রকাশিত হবে গীতিকার-সুরকার তথা গায়িকা মুখ্যমন্ত্রীর অ্যালবাম। ওইদিনই ফের ভিন্নরূপে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর গাওয়া গান প্রথমবারের জন্য অ্যালবাম হিসেবে প্রকাশ পেতে চলেছে।

গত বছর পুজোতেও বাংলা গানের অ্যালবাম “জননী” প্রকাশিত হয়েছিল। যেখানে গানগুলি মুখ্যমন্ত্রীর লেখা ছিল, তারই সুর দেওয়া ছিল। সেই অ্যালবাম দুর্গাপুজোয় শহরের মণ্ডপে শোনাও গিয়েছিল। তার মা আম্মি মাদার গানটি নারীশক্তি থিমের উপর ভিত্তি করে লেখা হয়েছিল। ওই অ্যালবামটির শুরুতেও শোনা গিয়েছিল মমতা বন্দোপাধ্যায়ের কন্ঠ। দুর্গা স্তোত্র পাঠ করেছিলেন মুখ্যমন্ত্রী। অ্যালবাম প্রকাশের দিন তিনি গেয়েছিলেন জাগো তুমি জাগো গানটি।

রাজনৈতিক ও প্রশাসনিক কর্মব্যস্ততার মাঝখানেও পুজোর গানের জন্য সময় বের করেছেন মুখ্যমন্ত্রী। শত ব্যস্ততার মধ্যেই মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে গান রেকর্ডিং-এর জন্য পৌঁছে গিয়েছিলেন।এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সোলো অ্যালবামে পুজো এলো পুজো এলো গানটিতে বাংলা লোকগীতি এবং লোকশিল্পের পরিচয় পাওয়া যাবে। এখানে তার সঙ্গে অ্যালবামের ডুয়েট গেয়েছেন ইন্দ্রনীল সেন। এছাড়াও এই অ্যালবামে গলা মিলিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়ের মত সংগীত শিল্পীরা। অ্যালবামে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা আকাশ যেখানে নীলিমায় নীল, ধ্রুবতারা তুমি কেন হলে না সহ মোট আটটি গান।

অন্য বছরের মতো এবারেও সুরুচি সংঘের থিম সং লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির তরফ সেই গান খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *