সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতির দায় স্বীকার করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাক করা উচিৎ। এই সরকারের আর ক্ষমতায় থাকার দরকার নেই। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় চোর ধরো জেলে ভরো কর্মসূচিতে এসে এমনই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির ‘চোর ধরো জেলে ভরো’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাবড়ায়। মঙ্গলবারের এই কর্মসূচিতে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্যের একাধিক বিজেপি নেতা। আগামী ১৩ তারিখ নবান্ন অভিযান, বিজেপি নেতৃত্বের আর তারই সমর্থনে এক মহা মিছিল হয় হাবড়ার রাজপথে। হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুপারমার্কেট পর্যন্ত ২ কিলোমিটার পদযাত্রা করে বিজেপি। এদিনের মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা জমায়েত হয়, পাশাপাশি জেলা নেতৃত্ব সহ রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের একাধিক বিষয় মন্তব্য করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজেই নিয়োগ দুর্নীতির ত্রুটি স্বীকার করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন কাজ করতে গেলে সব মানুষের ভুল হয়, স্বয়ং ভগবানেও ভুল হয়। এই প্রসঙ্গে সুকন্তবাবু বলেন, মুখ্যমন্ত্রী তো ভুল স্বীকার করেই নিলেন যে দুর্নীতি হয়েছে। তাই এক মুহূর্ত তাঁর এই ক্ষমতায় থাকা উচিৎ নয়।

এদিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও সমালোচনা করেন সুকান্ত মজুমদার। বাগুইআটিতে যে দুই ছাত্র নিখোঁজ হয়েছিল, তাঁদের মুক্তিপণও চেয়েছিল আজ তাদের দেহ উদ্ধার হয়েছে বসিরহাট থেকে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিচ্ছু নেই। এদের পরিবারের লোকজন পুলিশের সাহায্য পায়নি। পুলিশ কিচ্ছু করেনি। শেষে দেহ উদ্ধার হল। তাঁর পাশাপাশি তিনি বলেন, দুর্নীতি মামলায় কেউ ছাড় পাবে না। আজ হোক কাল হোক, একে একে সব ধরা পড়বে।

