রাজেন রায়, কলকাতা, ১৯ জুলাই: একুশের বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এবার দিল্লির লক্ষ্যে একুশে জুলাই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর আগে আজ উত্তর কলকাতার শোভাবাজারে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ১২ ফুট / ১৬ ফুটের দেওয়ালে আঁকা হল ভারতের মানচিত্র। সেখানে ভারতের প্রতিটি রাজ্যে তার নিজস্ব ভাষায় লেখা রয়েছে মা মমতা।
এর আগে রাজনৈতিক মহলে মা বা আম্মা নামে শুধুমাত্র জনপ্রিয় ছিলেন জয়ললিতা। কিন্তু এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সাথেও যুক্ত হল মা। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে মা রূপে সারা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরে রেখেছেন ঠিক সেভাবেই সারা ভারতবর্ষকে তারা চায় যেন মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরে রাখেন। তাই আজ এই নয়া উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
তাদের দাবি, মোদীর বিকল্প হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন যিনি গোটা ভারতবর্ষকে ভালো রাখতে পারেন। তাই তারা ভারতবর্ষের মানচিত্রে প্রতিটি রাজ্যের ভিন্ন ভাষায় লিখলেন মা মমতা। অভিনব এই দৃশ্য তাক লাগিয়ে দিচ্ছে পথচলতি প্রতিটি মানুষকে।

