স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ ফেব্রুয়ারি: হাওড়া থেকে সৃষ্টিশ্রী বিপনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বর্নিভর গোষ্ঠীর তৈরী করা জিনিসপত্র এই সৃষ্টিশ্রীতে বিক্রির সুযোগ করে দেওয়ায় খুশি স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁও গ্রামের কার্পেটের সারা দেশে সুখ্যাতি আছে। কালিয়াগঞ্জের কুনোরের টেরাকোটা সারা রাজ্যে সুনামের সঙ্গে বিক্রি হয়। রায়গঞ্জ, মোহিনীগঞ্জের তুলাইপাঞ্জি চাল আর্ন্তজাতিক বাজারে বিক্রি হয়। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জিনিস হাতে তৈরী হয়। সেগুলোর বাজার বেশ ভাল আছে। তবে জেলার উৎপাদিত পন্য বিক্রির নিদিষ্ট কোনো বাজার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পন্য সৃষ্টিশ্রীতে বিক্রির উদ্যোগ নিয়েছেন। রায়গঞ্জ কর্নজোড়া বাস স্ট্যান্ডে একটি উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সুদৃশ্য দোকান তৈরী করেছে। এই দোকানে জেলার মানুষের হাতে তৈরী সমস্ত পন্য নির্ধারিত মূল্যে বিক্রি করার ব্যাবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার প্রশাসনিক সভা থেকে এই সৃষ্টিশ্রীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। ইসলামপুর পুরসভার পুরপতি কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ জেলা প্রশাসনের কর্তারা।

উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, রাজ্যের সমস্ত জেলাতেই এই সৃষ্টিশ্রী চালু করা হবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলায় এই সৃষ্টিশ্রী বিপনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই বিপনীতে জেলার সমস্ত হস্তশিল্পের জিনিস বিক্রি করা হবে। স্বর্নিভর গোষ্ঠীর দ্বারা এই সৃষ্টিশ্রী বিপনী পরিচালিত হবে। এই বিপনিতে ক্রেতারা ন্যায্য মূল্যে যাতে জিনিস কিনতে পারেন তারজন্য তিনি বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন।

স্বর্নিভর গোষ্ঠীর বিক্রেতা কাকলি কুন্ডু জানান, গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরী করা জিনিসপত্র এই সৃষ্টিশ্রীতে বিক্রি হবে। উৎপাদিত পন্য বাজারে বিক্রির সুযোগ পাওয়ায় খুশী গোষ্ঠীর সদস্যরা।

