বন্যা কবলিত আমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, হাওড়া, ৪ আগস্ট: এটা বৃষ্টির জলে বন্যা নয়, ডিভিসির জল ছাড়ার ফলেই বন্যা। মঙ্গলবার বন্যা কবলিত আমতা, উদয়নারায়ণপুর পরিদর্শনে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। আর বুধবার সেচ মন্ত্রীর বক্তব্যকে কার্যত সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বন্যা কবলিত আমতা পরিদর্শনে এসে বন্যাকে ম্যান মেড আখ্যা দিয়েছেন।

এদিন আকাশপথে বন্যা কবলিত আমতা,উদয়নারায়ণপুর, খানাকুল পরিদর্শন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। যদিও আবহাওয়া খারাপের কারণে মুখ্যমন্ত্রীর সফরসূচি বাতিল হওয়ায় সড়ক পথেই আমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রবল বৃষ্টির মধ্যেই জলে নেমে বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য।

এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন দু’বছর আমরা মনিটরিং করেছিলাম বলে বন্যা হয়নি। আর এখন একজন নতুন দায়িত্বে এসেছেন, তিনি এসেই জল ছাড়ছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। জল যেভাবে বাড়ছে তার জন্য মন্ত্রী পুলক রায় ও বিধায়ক সুকান্ত পালকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, তার উদয়নারায়ণপুর খানাকুলে যাওয়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতি খারাপের কারণে যেতে পারছেন না। একটু ভালো হলে তিনি যাবেন। বন্যা দুর্গত এলাকার মানুষদের উদ্দ্যেশে মুখ্যমন্ত্রী বলেন কোনও চিন্তা নেই। সরকার সবসময় পাশে আছে। পযাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। বন্যার পর ক্ষয়ক্ষতি দেখা হবে।

অন্যদিকে মঙ্গলবারের পর বুধবার আমতা ২ নং ব্লকের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জলের স্তর অনেকটাই বেড়েছে। মঙ্গলবার বাঁধ ভেঙ্গে নতুন করে আরও ৪ টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। প্রশাসনের আশঙ্কা ডিভিসি যেভাবে জল ছাড়ছে পাশাপাশি বুধবার থেকে যেভাবে ভারী বর্ষণ হচ্ছে তাতে পরিস্থিতি আরও খারাপ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *