আমাদের ভারত, মালদা, ৮ ডিসেম্বর: মালদায় নতুন করে বিমানবন্দরের পুনরুজ্জীবনের সম্ভাবনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মালদা কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, মালদা বিমানবন্দরে যেন বড় বিমান নামতে পারে, সেই জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। আরও এক হাজার মিটার লম্বা রানওয়ে বাড়াতে পারলে আঞ্চলিক বিমান পরিবহন ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিমানবন্দর তৈরীর কাজ প্রাথমিকভাবে শেষ হয়েছে। এবার আমাদের লক্ষ্য মালদাতে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু করার। এই বিষয়টি নিয়ে প্রশাসনকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক বিমান পরিষেবা চালু হলে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে কলকাতায় যাতায়াত করা যাবে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা উপকৃত হবেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রাজ্যের পদস্থ সচিবরা জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে মালদা বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে এক হাজার মিটার লম্বা রানওয়ে তৈরীর জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে কালিয়াচকে তিনটি ব্লককে নিয়ে নতুন এসডিপিও পদমর্যাদার আধিকারিক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মালদা কলেজ অডিটরিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, কালিয়াচক ১, ২ এবং ৩ এই তিনটি ব্লক তিনটি থানার অন্তর্গত। যথা কালিয়াচক থানা, মোথাবাড়ি থানা এবং বৈষ্ণবনগর থানা। এই এলাকায় অপরাধ দমনে নতুন করে সাব-ডিভিশনাল পুলিশ অফিস তৈরি করা হবে। সেখানে একজন মহাকুমা স্তরের পুলিশ আধিকারিক নিয়োগ করা হবে।

