আমাদের ভারত, কলকাতা, ১৮ অক্টোবর: প্রয়াত হলেন কলকাতার বরিষ্ঠতম সাংবাদিক ও চিত্রসাংবাদিক সুধীর উপাধ্যায়। অধিকাংশের কাছে পরিচিত ছিলেন পন্ডিতজী হিসাবে। বৃহস্পতিবার তিনি চলে গেলেন।
তাঁর প্রয়াণে একটা ইতিহাসের অবসান হলো। কারণ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করেছেন দাপটের সঙ্গে। একটা মানুষ যিনি পশ্চিমবঙ্গের সাংবাদিকতায় ছোট বড়ো অন্তত চারটি প্রজন্মের বন্ধু হয়েছিলেন, যিনি কখনও ‘সন্মার্গ’ পত্রিকা ছেড়ে কোথাও যাননি, যাঁকে কোনওদিন কাজের জায়গায় উত্তেজিত হতে দেখা যায়নি, যিনি কোনওদিন কারও সঙ্গে ঝগড়া করেননি, যিনি সর্বদা মানবিকতার প্রতীক হয়ে অন্যের পাশে থেকেছেন, যিনি নেতা, মন্ত্রী প্রশাসনিক কর্তা – সবার কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র ছিলেন।
পশ্চিমবঙ্গের সাংবাদিকতায়, যিনি নিজেই ছিলেন যুগপরম্পরার এক ভাস্বর প্রতীক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে স্নেহাশিস শূর ও কিংশুক প্রামাণিক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রবীণতম চিত্রসাংবাদিক ‘সন্মার্গ’ পত্রিকার সুধীর কুমার উপাধ্যায় আর নেই জেনে আমি আন্তরিক দুঃখিত। প্রবীণ সংবাদকর্মী ও আলোকচিত্রী সুধীরদা আমাদের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাঁর প্রয়াণ এক গভীর শূন্যতার সৃষ্টি করল। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

