এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী, পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন, দেখতে এলেন রাজ্যপাল

রাজেন রায়, কলকাতা, ১০ মার্চ: গ্রিন করিডোর করে তাঁকে সড়ক পথে নিয়ে আসা হল কলকাতায়।
আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। বুধবার রাতেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে তাঁকে সড়ক পথে গাড়ির পিছনে শুইয়ে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল সমর্থকরা।

স্বাস্থ্য সচিব নারায়ণস্বরপ নিগম-সহ স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ওই মেডিক্যাল টিমে মেডিসিন, সার্জারি, শল্য, হৃদরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখবেন। এক্সরে করে চোট গুরুতর মনে হলে রাতেই পায়ে প্লাস্টার করা হতে পারে। চোট গুরুতর হলে, বেশ কয়েক দিন তাঁকে সুপার স্পেশালিটি হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে।

হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। সূত্রের খবর সেখানেই হবে প্রাথমিক চিকিৎসা। আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। বর্তমানে তৃণমূল নেত্রীকে রাখা হয়েছে উডবার্ন ওয়ার্ডে। সূত্রের থবর, প্রথমে স্নায়ুরোগ বিশেষজ্ঞরা তাঁকে দেখবেন। সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হাসপাতাল সূত্রের খবর।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *