আমাদের ভারত, ১ আগস্ট: বেশ কয়েকবারই মুখ্যমন্ত্রী জেলা ভাগের ইঙ্গিত দিয়েছেন। আজ নতুন ৭ জেলার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়েছেন, মন্ত্রিসভাতেও রদবদল হবে আগামী বুধবার।
যদিও এটা নতুন কিছু নয়, এর আগেও প্রশাসনিক সুবিধার কারণে জেলা ভাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই লক্ষ্যে আরো এগিয়ে গেলেন তিনি। পুরাতন জেলা ভাগ করে নতুন ৭টি জেলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন জেলা গুলো হলো, রানাঘাট, বসিরহাট, বহরমপুর, কান্দি, জঙ্গিপুর, ইছামতি, সুন্দরবন ও বিষ্ণুপুর, অর্থাৎ ভাগ হল নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বুধবার মন্ত্রিসভার বৈঠকে পাঁচ থেকে ছয় জন নতুন মুখ আনা হবে।
তিনি বলেন, কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনো পরিকল্পনা নেই তাদের। সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণে তাদের দপ্তর নতুন করও কারোর হাতে তুলে দিতে হবে।
এর আগে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সুন্দরবনের সন্দেশখালিকে পৃথক করার কথা বলেছিলে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “সুন্দরবনের মানুষকে যদি আলিপুরে গিয়ে কাজ করতে হয়, আর সন্দেশখালির প্রত্যন্ত অঞ্চল থেকে যদি মানুষকে বারাসতে যেতে হয় তাহলে যাতায়াতেই তো দুদিন চলে যাবে। কাজ করবে কখন?” সুন্দরবনের ক্ষেত্রের নাম সুন্দরবন হলেও উত্তর ২৪ পরগনা ভেঙে যে নতুন জেলা তৈরি হচ্ছে তার নাম রাখা হয়েছে ইচ্ছামতী, বসিরহাট।
আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নতমানের পরিষেবা দিতে নতুন জেলা তৈরি হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

