জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ জুন:
দুই ছেলের বিয়েতে উপস্থিত থাকতে প্যারোলে মুক্তির আবেদন জানাচ্ছেন ছত্রধর মাহাতো। তার দুই ছেলে ধৃতিপ্রসাদ ও দেবীপ্রসাদের বিয়ে হবে জুলাই মাসের তিন ও পাঁচ তারিখ।
কিন্তু জেলবন্দি পিতার অনুপস্থিতিতে এই অনুষ্ঠান যে পুরোপুরি আনন্দহীন হবে তা মানছেন ছত্রধর বাবুর স্ত্রী নিয়তি মাহাতো। তিনি জানান, প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন জানাতে আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে।
২০০৯ সালে মাওবাদী সন্ত্রাস পর্বে ২৫ শে সেপ্টেম্বর পুলিশ লালগড়ের বীরকাঁড় এলাকা থেকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির মুখপাত্র ছত্রধর মাহাতোকে। প্রথম পর্বে দশ বছরের বেশি জেলে থাকার পর ২০২০ সালের গোড়ার দিকে তিনি ছাড়া পান। এরপরই রাজ্যের শাসক দল তাকে রাজ্য সম্পাদক পদের দায়িত্ব দেয়। গতবছর বিধানসভা নির্বাচনের পর ২৭ মার্চ দুটি পুরনো মামলাতে লালগড়ের বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে ফের গ্রেপ্তার করে এন আইএ। তারপর থেকেই তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন।
ছত্রধরের আইনজীবী কৌশিক সিনহা জানিয়েছেন, দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়ার জন্য এনআইএ’র বিশেষ আদালতে আবেদন জানানো হবে। কৌশিক বাবু বলেন, এর আগে প্রথম পর্বে জেলে থাকাকালীন বাবা আশুতোষ মাহাতো, ভাই শশধর মাহাতো এবং শাশুড়ির পারোলৌকিক শ্রাদ্ধানুষ্ঠানে পরপর তিনবার প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর। এবার দুই ছেলের বিয়ের শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতির জন্য নিয়ম মেনেই এনআইএ’র বিশেষ আদালতে আবেদন জানানো হচ্ছে।
দুই ছেলের বিয়ের দায়িত্ব সামলাতে হিমশিম ছত্রধর মাহাতোর স্ত্রী তথা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী ও পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সদস্য নিয়তি মাহাতো বলেন, স্বামী পাশে থাকলে সব কাজ সহজে হয়ে যেত, এত সমস্যা হতো না।

