অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জুলাই: শর্তাধীন জামিনের শেষে ফেরার আগের দিন বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর মাহাত। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার জন্য বর্তমানে তাকে অবজারভেশনে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত থেকে অসুস্থ বোধ করায় আজ সকালে লালগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। সেখানে ভর্তি হতে চাইলে তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির কথা জানান চিকিৎসকরা। বাড়ি ফিরে ফের অসুস্থ বোধ করায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে ভর্তি করা হয়। যেহেতু তাকে এনআইএ রাষ্ট্রদ্রোহীতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাই হাসপাতালের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি।

সূত্র মারফৎ জানা গেছে, তারা বোর্ড বসিয়ে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ছত্রধর মাহাতোকে শর্তাধীন অন্তর্বতীকালীন জামিনের আদেশ দিয়েছে এনআইএ বিশেষ আদালত কলকাতা, বলে জানা গিয়েছে। দুই ছেলে দেবীপ্রসাদ ও ধৃতিপ্রসাদ মাহাতোর বিয়ে ৩.০৭ ২২ ও ০৫. ০৭ ২২ তারিখে। প্রীতিভোজ ০৬.০৭.২২ তারিখ। তাই যাতে ছত্রধর মাহাতো বিয়ের অনুষ্ঠানে বাড়িতে থাকতে পারেন তাই ০২. ০৭. ২২ থেকে ০৮. ০৭. ২২ তারিখ পর্যন্ত অন্তর্বতীকালীন জামিনের আদেশ দিয়েছে বিশেষ আদালত।
ছেলেদের বিয়ের জন্য প্যারোলে বাড়ি ফিরেছিলেন। আগামী ০৮. ০৭. ২২ তারিখ বিশেষ আদালত কলকাতাতে হাজির হতে হবে ছত্রধরকে। তার আগের দিন তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে বিজেপির বক্তব্য, এই সবই ভাঁওতা। জেল এড়ানোর জন্য এ সমস্ত করছে ছত্রধর মাহাত।

