ব্রাহ্মণদের সম্পর্কে কটূক্তি, জেলে যেতে হলো মুখ্যমন্ত্রীর বাবাকে

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর:
তিনি ৮৬ বছরের বৃদ্ধ, তাঁর ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কোনো ছাড় নেই। ব্রাহ্মণদের সম্পর্কে কটূক্তি করায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেলকে জেলে যেতে হলো। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত নন্দকুমার বাঘেলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। ১৫ দিন তাঁকে জেলে কাটাতে হবে।

সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেলকে বলতে শোনা যায়, “ব্রাহ্মণদের বয়কট করার ডাক দিন, ওদের গ্রামে ঢুকতে দেবেন না, ওরা নদীর তীরে থাকুক, ওরা বিদেশি। ওরা আমাদের অচ্ছুত বলে মনে করে। আমি এই নিয়ে সব সম্প্রদায়ের সঙ্গে কথা বলব।”

নন্দকুমারের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ জমতে শুরু করে রাজ্যের ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে। তড়িঘড়ি নিজের বাবার বিরুদ্ধে পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী নিজেই। বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ছত্তিশগড় পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ এবং ৫০৫-এ এই ধারায় নন্দকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আইনের চোখে সবাই সমান, সে ৮৬ বছর বয়সী মুখ্যমন্ত্রীর বাবা হলেও এক। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সব সম্প্রদায়ের প্রতি সম্প্রীতি বজায় রাখা আমার কর্তব্য। যদি কেউ কোনও ভুল মন্তব্য করে তাহলে আমি দুঃখিত তাকে শাস্তি পেতেই হবে।”

পরে টুইটে তিনি লেখেন, “ছেলে হিসেবে আমি ওকে শ্রদ্ধা করি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শান্তি বিঘ্নিত করে, এমন কোনও ভুল আমি ক্ষমা করতে পারবো না।” তবে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর বাবার এই ধরনের শাস্তি হওয়া নজিরবিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *