ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদ ২২ জওয়ান, আহত ৩১ জন

আমাদের ভারত, ৪ এপ্রিল:মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২২ জন সিআরপিএফ জাওয়ান শহীদ হলেন ছত্রিশগড়ে। জখম হয়েছেন আরো ৩১ জন। এখনো ২১ জন নিখোঁজ। প্রশাসনিক সূত্রে খবর, নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

১১ বছর আগে ছত্রিশগড়ের দান্তেওয়াড়া চিন্তলোনা গ্রামে মাওবাদী অভিযানের স্মৃতি আবারো টাটকা হয়ে ফিরে এল। সেবার মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিলেন ৭৬ জন। ১১ বছর পর একই ঘটনা ফের ঘটলো ছত্রিশগড়ের সুকমা বিজাপুর সীমান্তে। সেখানে মাওবাদী দমন অভিযানে নেমেছিলেন সিআরপিএফ বাহিনী। মাওবাদীদের সঙ্গে গুলি যুদ্ধে আধা সেনাবাহিনীর ২২ জওয়ানের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে বিজাপুর পুলিশ সুপার কমললোচন কাশ্যপ একটি জাতীয় স্তরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছত্রিশগড় সুকমা বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জাওয়ানের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ৩১ জনের। এর আগে শনিবার মাওবাদী দমন অভিযানে ৫ জন আধাসেনা জাওয়ানের মৃত্যুর খবর জানিয়েছিল ছত্রিশগড় পুলিশ। রবিবার সকালে সেই সংখ্যা বাড়তে থাকে। ছত্রিশগড় পুলিশের তরফে জানানো হয় নিহত জাহানের সংখ্যাটা তখন ৮। তবে খোঁজ পাওয়া যাচ্ছে না অন্তত ২১ জন আধাসেনার।

সকালে সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংহ পৌঁছে যান ঘটনাস্থলে। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী জানান, নিহত জওয়ানদের খুঁজতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে সুকমা বিজয়পুর সীমান্তে। পরে জানা যায় নিখোঁজ জাওয়ানদের অধিকাংশেরই খোঁজ মিলেছে। তাদের মধ্যে অনেকেই নিহত হয়েছেন। মাওবাদীদের গুলিতে আহত আধাসেনা ২৪ জন জওয়ানের চিকিৎসা চলছে বিজাপুরের হাসপাতলে। বাকি ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে রায়পুরের হাসপাতালে।

এ দিনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন, কথা বলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে। পরে টুইটারে শোক প্রকাশ করেন দুজনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *