জে মাহাতো, ঝাড়গ্রাম, ৫ জুন:
গৃহবন্দি থাকার আর্জি জানিয়ে শুক্রবার বিশেষ আদালতে আবেদন করেছিলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতোl কলকাতার বিশেষ আদালতে গতকালই সেই আবেদনের শুনানি শুরু হয় এবং বিচারপতি তাঁর আইনজীবীদের বক্তব্য শোনেনl এরপর ছত্রধরের গৃহবন্দি থাকার আবেদনের বিরোধিতা করে আই এন-র আইনজীবী বলেন, ওই তৃণমূল নেতা শাসক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেনl তাঁকে জামিনে রাখা হলে মামলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের বিচারপতি পার্থসারথি সেন আগামী সাত জুন এই আপত্তি নিয়ে আই এন এ-র বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থার আইনজীবী শ্যামল কুমার ঘোষl
২৭ মার্চ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হওয়ার পর ওই দিন রাতেই ছত্রধর মাহাতোকে তাঁর লালগড়ের বাড়ি থেকে গ্রেফতার করে আই এন এl ২০০৯ সালে মাওবাদী তাণ্ডবের সময় দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর- টাটানগর শাখায় বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে রাখার ঘটনায় ছত্রধর মাহাতোকে অভিযুক্ত করা হয়েছে। ছত্রধরের আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানী এক্সপ্রেস আটকের সময় ছত্রধর মাহাতো জেলবন্দি ছিলেন সুতরাং এই মামলায় তাঁকে অভিযুক্ত করা নিয়ে প্রশ্ন উঠছেl যদিও আই এন এ-র দাবি, ওই সময় মাওবাদীদের সহযোগী সংগঠন জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো জেলবন্দি থাকলেও তাঁর ষড়যন্ত্রেই এই রাজধানী এক্সপ্রেস আটক করা হয়েছিলl
আদালত সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ছত্রধর মাহাতো এই মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেনl কিন্তু বিশেষ আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়l এর পরেই হাউস অ্যারেস্টের আবেদন জানিয়েছেন ছত্রধর মাহাতোl

