বন্ধুদের নিয়ে ঘরে আড্ডাখানা, প্রতিবাদ করায় গাইঘাটায় ইট দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দিল ছেলে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ এপ্রিল: ঘরের মধ্যে বন্ধু ও তার প্রেমিকা নিয়ে আড্ডা। প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে মেরে মাথা ফাটালো ছেলে। অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের কাড়লা এলাকায়। অভিযুক্ত ছেলের নাম সুমন বিশ্বাস। অভিযোগ, দীর্ঘ দিন ধরে সুমন তাঁর বাড়িতে একাধিক বন্ধু ও বান্ধবীদের নিয়ে ঘর বন্ধ করে আড্ডাখানা তৈরি করেছিল। বার বার বারণ করা সত্ত্বেও পরিবারের কথা শোনেনি সুমন। বুধবার সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

জানা যায়, এদিন সকালে কাজ থেকে বাড়ি ফিরে বাবা সুমন বিশ্বাস দেখতে পায়, তার ঘরে ছেলের বন্ধু ও তার এক বান্ধবী আপত্তিকর অবস্থায় রয়েছে। তারপর তিনি তাদের আটকে রাখতে গেলে ছেলে সুমন বিশ্বাসের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। সেই সময় সুমন ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। রক্তাক্ত হয়ে যায় স্বপনবাবু। আহত স্বপনবাবুর পরিবারের সদস্যরা তাকে চাঁদপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। তার মাথায় চারটি সেলাই পড়ে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছেলে যাতে শাস্তি পায় সেই দাবিও করেন তিনি। অভিযোগের ভিত্তিতে সুমনকে গ্রেফতার করে পুলিশ।

এই বিষয়ে স্বপন বিশ্বাস বলেন, “দোকান থেকে বাড়ি ফিরে দেখে ছেলের বন্ধু তার প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় আমার ঘরে রয়েছে। সেইসময় আমি তাদের আটকে রাখতে গেলে ছেলে ইঁট দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আমি।” এই ঘটনার নিন্দা করছেন প্রতিবেশীরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *