পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: কেশপুর নিয়ে দলের কর্মীদের মধ্যে বিরোধ মেটাতে কেশপুরের দাপুটে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকের ডাক দেন জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতি। রবিবার বিকেলে মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে কেশপুরের তৃণমূল নেতৃত্বদের সাথে বৈঠকে বসেন অজিত মাইতি, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, দাপটে তৃণমূল নেতা মহম্মদ রফিক সহ অন্যান্য নেতৃত্বরা। তবে সেই বৈঠক ঘিরেও ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায় তৃণমূল কর্মীদের মধ্যেই।
বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে জেলা পরিষদ হলের মিটিং হলের বাইরে ক্ষোভ উগরে দিলেন এক দল কর্মী। সভা কক্ষের বাইরে শিউলি হটাও শ্লোগান দেয় দলীয় কর্মীরা। তবে ঠিক কি কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানাতে নারাজ তৃণমূল নেতৃত্বরা। মিটিং শুরুর আগে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বিশৃঙ্খলা মেটানোর দাবি জানালেও সেই মিটিংকে ঘিরেই ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেল এদিন।

