আমাদের ভারত, কলকাতা, ২১ মার্চ: রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ নির্দিষ্ট করে দিল শিক্ষা দফতর। নির্দেশিকা জারি করে জানান হয়েছে যে, এবার থেকে স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। একই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, পকেটের উপর থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো।
সরকারের এই নির্দেশিকার বিরোধিতায় সরব বিজেপি। বিরোধিতা করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘও। সোমবার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক এই প্রতিবেদককে জানান, “সরকারের এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রের বৈচিত্র্যের ওপর আঘাত। কারন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের নিজস্ব স্কুল ইউনিফর্ম আগে থেকেই আছে। বিদ্যালয়ের একটা নিজস্ব ঐতিহ্য হলো লোগো। কিন্ত বিশ্ব বাংলার লোগো ইউনিফর্মে ব্যাবহার করলে সেই ঐতিহ্য নষ্ট হবে। রাজ্যের বেশির ভাগ বিদ্যালয় তৈরির একটা ইতিহাস আছে, কোনও রাজা, জমিদার, দানশীল ব্যক্তির দানের জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। সেই ইতিহাস, পরম্পরা এই তুঘলকি সিদ্ধান্তে নষ্ট হতে চলেছে। রাজ্যের অসংখ্য স্কুল শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোর অভাবে বন্ধ হতে চলেছে সেই দিকে নজর নেই, কিন্তু সব কিছুর কেন্দ্রীয়করনের চেষ্টা চালাচ্ছে এই সরকার। আমাদের সংগঠন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।“
প্রসঙ্গত, রবিবারই স্কুল পড়ুয়াদের পোশাকে বড়সড় পরিবর্তনের কথা জানানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। জানা গিয়েছে, সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত কিংবা সরকার পোষিত স্কুলের প্রত্যেক পড়ুয়াকে এবার থেকে নেভি ব্লু-সাদা পোশাক পরতে হবে। পকেটের ওপর থাকবে বিশ্ববাংলার লোগো। স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) সদস্যরা তা তৈরি করবেন বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

