BJP, Rampurhat, বাংলায় পরিবর্তন হবেই, ফুটবে পদ্ম: মোহন চরণ মাঝি

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২ এপ্রিল: “এবার বাংলায় পরিবর্তন হবেই হবে। পদ্ম ফুল ফুটবে। ফলে বাংলার উন্নয়ন হবে।” বৃহস্পতিবার রামপুরহাটে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে হাজির হয়ে এমনই মন্তব্য করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

বৃহস্পতিবার বীরভূমের ১১ জন বিজেপি প্রার্থীই মনোনয়ন জমা দেন। শুধুমাত্র রামপুরহাট মহকুমাই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদিন রামপুরহাট মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন রামপুরহাট বিধানসভার প্রার্থী ধ্রুব সাহা, হাঁসন বিধানসভার নিখিল বন্দ্যোপাধ্যায়, নলহাটি বিধানসভার অনিল সিং এবং মুরারই বিধানসভার প্রার্থী রিঙ্কি ঘোষ। দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন রামপুরহাটে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রামপুরহাট শহরের প্রাণ কেন্দ্র পাঁচমাথা মোড়ে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। এরপরেই হেঁটে মহকুমা শাসকের অফিসে পৌঁছান। মনোনয়ন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এবার বাংলায় পদ্ম ফুল ফুটবেই। ডবল ইঞ্জিন সরকার হলে বাংলার উন্নয়ন হবে। মানুষ দুর্নীতির প্রতিবাদে ঐক্যবদ্ধ হচ্ছেন। মানুষ এবার পরিবর্তন করবেন। বাংলার উন্নয়নে মোদীর হাত শক্ত করতে হবে। ওড়িশায় সরকার বদল হয়েছে। ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন করছে। এখানে এবার বিজেপি সরকার গঠন করবে।“

এস আই আর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কোনো ভারতীয়র নাম বাদ যাওয়ার কথা নয়। তবে অনুপ্রবেশকারীদের ভারতে থাকার কোনো অধিকার নেই। তাদের ভোটাধিকারও থাকবে না। এরাই দেশের মধ্যে অশান্তির সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গে দুর্নীতির পাহাড় জমেছে। পুলিশ প্রশাসন আইন মেনে কাজ করছে না। এনিয়ে বাংলার মানুষ অতিস্ট। তাই বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে”

মোহন চরণ মাঝি বলেন, “আমরা কোনো বাংলাভাষী মানুষের উপর অত্যাচার করি না। ওখানে প্রচুর বাঙালি এখনও কাজ করছে। আমাদের সরকারকে বদনাম করার জন্য অত্যাচারের কথা বলা হচ্ছে। দিদি মিথ্যা কথা বলছেন। বাংলার মানুষ ওড়িশায় যান। ওড়িশার মানুষও বাংলায় আসেন।

এদিন সিউড়িতে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “জয় শুধু সময়ের অপেক্ষা”। তৃণমূলের সিউড়ি কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ও এদিন মনোনয়ন জমা দেন।

রামপুরহাটে মনোনয়ন জমা দেন বিদায়ী ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এবার আরও বেশি ভোটে জয় লাভ করব”। এদিন আশিসবাবু ছাড়াও মনোনয়ন জমা দেন হাঁসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ, মুরারইয়ের মোশারফ হোসেন, নলহাটির রাজেন্দ্র প্রসাদ সিং। বোলপুর মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের প্রার্থী অভিজিৎ সিং ওরফে রানা, নানুরের প্রার্থী বিধান চন্দ্র মাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *