কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: নিজেরই দলের কর্মীদের ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া।
বিধায়ক দিদির দূত কর্মসূচিতে বেরিয়েছিলেন শুক্রবার। কিন্তু কর্মসূচিতে বেরিয়ে বিধায়ক হঠাৎ কর্মসূচি শুরু করার স্থান বদল করায় তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান। উত্তেজনা চরমে ওঠে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিধানসভার মহেশপুর এলাকার ঘটনা।
বিধায়ক দিদির দূত কর্মসূচিতে চন্দ্রকোনা দুই ব্লকের মহেশপুর গ্রামে যান। তার জন্য দলের কর্মীরা অপেক্ষা করছিল। কিন্তু বিধায়ক অন্য তৃণমূল কর্মীদের নিয়ে অন্য জায়গা থেকে কর্মসূচি শুরু করেন। এর ফলে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ।
তারা এর কারণ জানতে চায়। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের বক্তব্য, বিধায়ক একটি নির্দিষ্ট গোষ্ঠীর কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছেন।

