জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল চন্দননগর পুলিশ কমিশনারেট

আমাদের ভারত, হুগলী, ২৮ অক্টোবর: জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগর শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল চন্দননগর পুলিশ কমিশনারেট। শুক্রবার বিকেলে চন্দননগরে পুলিশ কমিশনারেটের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে হাজির ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি, জেলা শাসক দীপাপ্রিয়া পি সহ পুলিশের একাধিক কর্তারা। এছাড়াও ওই অনুষ্ঠানে কিছুক্ষণের জন্যে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন।

এদিন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি বলেন, চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৩৬৫ টা পুজো হচ্ছে। এদের মধ্যে ২০০টি পুজোর প্রশাসনিক অনুমোদন রয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এবার পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হছে। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও ভদ্রেশ্বরের নিরাপত্তার জন্যে মোট দুই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও সাদা পোষাকে পুলিশ কর্মী থাকছেন। বেশ কয়েকটা বাইক বাহিনীও থাকছেন। কোথাও কোনও গন্ডোগোলের খবর পেলেই মুহূর্তের মধ্যে সেখানে তারা পৌছে যাবেন। জল পথে নজরদারি চালাবার জন্যে লঞ্চের ব্যাবস্থা করা হবে। শহরের ঢোকার মুখে মোট ৪৪টি নো-এন্ট্রি পয়েন্ট থাকবে। চন্দননগর শহরের বেশ কয়েটি পয়েন্টে থাকবে নো-এনট্রি। দুপুর ২টো থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত চন্দননগর শহর জুড়ে থাকবে নো-এনট্রি। বিভিন্ন গঙ্গার ঘাটে থাকছে পুলিশের নজরদারি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে থাকছে ড্রোনের নজরদারি। একই সঙ্গে নজরদারি করার জন্যে ৫০০ সিসি টিভি ক্যামেরা শহরজুড়ে লাগানো হচ্ছে। শহরের চারটি জায়গায় ফায়ার ব্রিগেডের পয়েন্ট করা হচ্ছে। রেল লাইন চত্বরে থাকবে পুলিশের নজরদারি। চন্দননগরে এবছর মোট ২০টা জুবলি পুজো হচ্ছে।

পাশাপাশি এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী ইন্দ্রনীল সেন একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে মন্ত্রী অরূপ বিশাস বলেন, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় সময় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখতে নতুন বছরে জানুয়ারি মাসের মধ্যেই শহরে আন্ডার গ্রাউন্ড বিদ্যুতের তার নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বিসর্জনের দিন চন্দননগর শহরজুড়ে কয়েক ঘন্টা ধরে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে সেটা আর থাকবে না। এ ছাড়া বিদ্যুতের তার কোথাও উঁচু করা কোথাও নীচু করার যে সমস্যা সেটা চিরতরে দূর হবে। তবে দুর্গাপূজার মতো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটি গুলিকে বিদ্যুতে ভর্তুকি দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী অরূপ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *