স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ আগস্ট:
চাকদহ ব্লকের চাঁদুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গার পাড়ে পোড়াডাঙ্গা এলাকার বিখ্যাত দেবীতলা মন্দির প্রতিষ্ঠা করেন আদিত্য নারায়ণ আচার্য, ডাকনাম পান্ডে। তিনি কিছুদিন আগে গত হওয়ার পর থেকে, মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীদের ওপরেই। ফুলেরবাগান এবং অতি মনোরম পরিবেশ যুক্ত একটি পুকুরের রক্ষণাবেক্ষণ করেন তারা নিজেরাই। বিভিন্ন নামিদামি প্রজাতির মাছ এবং কচ্ছপ থাকে ঐ জলাশয়ে। বিকেলে শিশু মহিলা অনেকেই প্রতিমা দর্শনের পাশাপাশি মনরঞ্জনের জন্য আসেন এই মন্দিরে। মুড়ি বিস্কুট প্রভৃতি খাবার দিলে মাছ ভেসে ওঠে, যা শিশুদের অত্যন্ত প্রিয় খেলা।

তবে, গতকাল ওই মন্দিরের দায়িত্বে থাকা উত্তম বিশ্বাস লক্ষ্য করেন, প্রচুর পরিমাণে মুড়ি ভেসে রয়েছে মাছ খাচ্ছে না, বরং কিছু মাছ মরে ভেসে রয়েছে। এরপর তিনি এবং ওই এলাকার দু’একজন মিলে পুকুরে নেমে দেখেন, কাদার মধ্যে বেশকিছু মাছ মরে রয়েছে। সাথে সাথে চাকদা থানায় ফোন করে গোটা বিষয়টি জানান তারা। আসছি আসছি বলেও, কেটে যায় রাত এবং পরের দিন অর্থাৎ আজ দুপুর ১২ টা পর্যন্ত ঘটনার তদন্তে নামেনি চাকদা থানার পুলিশ। এলাকার একমাত্র প্রাকৃতিক ভারসাম্যরক্ষাকারী এবং মনোরঞ্জনের এই পুকুরে কারা বিষ দিল, তা যতক্ষণ না উদ্ধার হচ্ছে এলাকাবাসীর ক্ষোভ ততই বাড়ছে।


