পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১১ নভেম্বর: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার স্বাস্থ্য ফেরাতে পরিদর্শনে সংস্থার চেয়ারম্যান। আজ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেদিনীপুর ডিপোতে বাস চালক এবং কনডাক্টরদের রাত্রি যাপনের জন্য নবনির্মিত বিশ্রামাগার ভবনের উদ্বোধন করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন এই নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এসবিএসটিসির ডিভিশনাল ম্যানেজার সুভাষ চ্যাটার্জি, ট্রাফিক ম্যানেজার উজ্জ্বল গাঙ্গুলি, এসবিএসটিসির মেদিনীপুর ডিপোর অধিকর্তা গৌতম চক্রবর্তী সহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানের সময় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যানকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের পক্ষে মহঃ রফিক, পার্থ ঘনা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে শ্রমিক কর্মচারীদের জন্য নানা দাবি মৌখিক ভাবে জানান চেয়ারম্যান এর কাছে।
সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল বলেন, বর্তমানে দক্ষিণবঙ্গ পরিবহনের অবস্থা ভালো, মানুষ পরিষেবা পাচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যন্ত গ্ৰামে সুস্থভাবে মানুষ পরিবহনের সরকারি পরিষেবা পান তা দেখা, তা হয়েছেও। আমরা অনেক ডিপো চালু করেছি, আগের চেয়েও অনেক ভালো হয়েছে পরিবহন পরিষেবা। পুজোর আগে অস্থায়ী কর্মচারীদের ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, ধর্মঘট না হলেই ভালো হতো, দাবি দাওয়া থাকতেই পারে, কিন্তু কাজ বন্ধ করে কর্ম বিরতি বাঞ্ছনীয় নয়।

