বনগাঁর মানুষের সঙ্গে প্রতারণা করছেন তৃণমূলের চেয়ারম্যান, অভিযোগ দলীয় প্রাক্তন চেয়ারম্যানের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ সেপ্টেম্বর: বনগাঁর মানুষের সঙ্গে প্রতারণা করছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। প্রাকাশ্যে মাইক বেঁধে এমনই অভিযোগ করলেন বনগাঁর প্রাক্তন
চেয়ারম্যান শংকর আঢ্য। কচুরিপানা শিল্প কোনো সরকারি প্রকল্প নয়, এই শিল্প নিয়ে পৌরসভার কোনো বোর্ড মিটিংয়েও কোন আলোচনা করা হয়নি, এমনই দাবি তুলে বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবার তন্ত্রের অভিযোগ তুললেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য।

প্রসঙ্গত, বনগাঁয় ইছামতি নদী থেকে কচুরিপানা তুলে সেই কচুরিপানা দিয়ে বিভিন্ন ক্ষুদ্র, শিল্প তৈরীর কথা ঘোষণা করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এমনকি এই শিল্পের প্রশংসা করতে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এবার সেই প্রকল্পই অনৈতিক এবং এটা নিয়ে দুর্নীতি হচ্ছে এমনই অভিযোগ তুললেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। তিনি বলেন, বনগাঁ পৌরসভার কোনো এজেন্ডাতেই এই শিল্পের কোনো উল্লেখ নেই। এমনকি এটা নিয়ে কোনো বোর্ড মিটিংও হয়নি। শংকরবাবু অভিযোগ করেন, চেয়ারম্যান গোপাল শেঠের পরিবারের নামে এই কচুরিপানা এক সার কোম্পানিতে যাওয়ার টেন্ডার আছে। সে জন্যই আপনি কাল্পনিক শিল্পের কথা সামনে আনছেন। কচুরিপানা দিয়ে তৈরি জিনিসের যে শিল্পের কথা সামনে আসছে সেটা এক প্রকার দুর্নীতি বলে তিনি অভিযোগ করছেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বনগাঁর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ।

তৃণমূলের পক্ষে তৃণমূল নেতা এবং পৌরসভার পরিষদীয় দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ড মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং এতে বনগাঁ পৌরসভার অনেক সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যকে তিনি অরণ্যে রোদন বলে কটাক্ষ করেন।

এ ব্যাপারে বনগাঁ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল বলেন, কচুরিপানা নিয়ে কোনো বোর্ড মিটিং হয়নি এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *