ডিজেলের দাম সেঞ্চুরি পার করায় শান্তিপুর পৌরসভার ময়লা পরিষ্কারের গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে গেলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল, তাই শান্তিপুর পৌরসভার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শান্তিপুরের রাজপথে। যেহেতু পেট্রোল-ডিজেলের দাম বেড়ে সেঞ্চুরি পেরিয়ে গেছে তাতে করে যানবাহন পরিচালনা করা ওষ্ঠাগত হয়ে পড়েছে, তাই অসুবিধা হচ্ছে পৌরসভার বিভিন্ন কাজকর্মে ব্যবহৃত যানবাহনের চলাচলে। সেই কারণে এদিন শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতীকি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল। পুরসভায় ব্যবহৃত ময়লা ফেলার গাড়িতে দড়ি লাগিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হল। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, শান্তিপুর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। শান্তিপুর পৌরসভা থেকে শান্তিপুরের ডাকঘরে নেতাজি মূর্তি পর্যন্ত এই ময়লা ফেলার গাড়ি টানতে টানতে বিক্ষোভ দেখাতে শুরু করে শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, যেভাবে ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ-সহ পৌরসভার একাধিক কাজে। তাই আজ থেকেই বিক্ষোভ শুরু হল শান্তিপুরে। যতদিন না পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমবে নদিয়া জেলাজুড়ে বিক্ষোভ জারি থাকবে।

ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানান, তাহলে কি আমাদের আশঙ্কা সত্যি হল? ভেঙে পড়ল ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো? যার জন্য দিনের পর দিন পেট্রোল ডিজেল এবং বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে, যদি এরকম ভাবে জিনিসপত্রের দাম তথা পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকে মানুষ কিভাবে বাঁচবে? শান্তিপুর শহর আইএনটিটিইউসি’র সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে। ভারতবর্ষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাই আজ পেট্রোল-ডিজেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ, তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে শান্তিপুরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *