আমাদের ভারত, বীরভূম, ১৩ নভেম্বর: বীরভূম জেলার দুবরাজপুরে অনাড়ম্বর ভাবে পালিত হল শতাব্দী প্রাচীন গোষ্ঠ উৎসব। করোনা আবহে দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নায়েক পাড়ার মহাপ্রভুর মন্দির থেকে দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত গোশালার রাজেশ্বরী মন্দিরে নিয়ে আসা হয় মহাপ্রভুকে।
প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহাপ্রভুকে পালকিতে চাপিয়ে গ্রাম ঘোরানো হয়। তারপর গোশালার রাজেশ্বরী মন্দিরে নিয়ে আসা হয়। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, কীর্তনের দলের গান সহ নানা ধরনের আয়োজন করা হয়। কিন্তু এবার আয়োজন ছিল সাদামাটা। প্রতিবছর শোভাযাত্রার আগে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। এবার ছিল না সেইসব আয়োজন। শুধুমাত্র পুজো ও অনাড়ম্বর ভাবে শোভাযাত্রার মাধ্যমে পালিত হলো এবারের গোষ্ঠ উৎসব।

দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, আজ ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ যাত্রা। করোনা পরিস্থিতিকে সামনে রেখে আমরা এবারে গোষ্ঠ উৎসবের আয়োজন করেছি। সকাল থেকেই বিশেষ পুজো, নাম সংকীর্তন, হোমযজ্ঞ করা হচ্ছে মন্দির প্রাঙ্গণে। প্রতিবছর এখানে হাজার হাজার ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। কিন্তু গত বছরের মতো এবারেও বন্ধ রাখা হয়েছে। তাই শুধু মাত্র পায়েসের ব্যবস্থা করা হয়েছে।


