“কেন্দ্র প্রাপ্য দিচ্ছে না, আমরাও বন্ধ করে দিতে পারি জিএসটি ট্যাক্স,” বঞ্চনার অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসভা থেকে আবারো একবার ১০০ দিনের কাজের বাবদ রাজ্যে প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা বন্ধ, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা বন্ধ করার অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তার হুঁশিয়ারি, “তাহলে কি জিএসটি দেওয়া বন্ধ করব আমরা”

তিনি বলেন, “১০০ দিনের কাজের সমস্যা হচ্ছে। কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না। রাজ্য থেকে জিএসটি নিয়ে যাচ্ছে, কিন্তু রাজ্যকে প্রাপ্য দেওয়া হচ্ছে না। রাজ্যকে কি এবার পায়ে ধরতে হবে? ১০০ দিনের টাকা ফিরিয়ে দাও না হলে গদি ছেড়ে দাও।”

১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না রাজ্য। কেন্দ্র প্রাপ্য থেকে বঞ্চিত করছে এই অভিযোগগুলো আগেও করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারো এই একই ইস্যুতে সুর চড়ান। তিনি বলেন, “ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন বিরসা মুন্ডা। নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়তে হয়। আমাকে বলছে সব টাকা বন্ধ করে দেবে। আমরাও তো বন্ধ করে দিতে পারি। কেন তোমাকে জিএসটি ট্যাক্স দেবে লোকেরা ? ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে একতরফা আর মানুষের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? মানুষের জন্য দেশ। নেতার জন্য নয়।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২৬ টি প্রকল্পের শিলান্যাস হয়েছে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে। রাজ্যের হাজার আদিবাসী বন্ধুদের ধামসা মাদল দেওয়া হয়েছে। আদিবাসী ছেলে মেয়েরা যাতে আগামী দিনে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, সমাজে প্রতিষ্ঠিত হয় এমনটাই চাইছি।”

বিধবা ভাতা পেলেও পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এসসি এসটি মহিলাদের মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিকে বিধবা ভাতার উপভোক্তারা মাসে হাজার টাকা পেয়ে থাকেন। বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে হাজার টাকা পেলেও এবার আবেদন করা যাবে লক্ষ্মী ভান্ডারের জন্য। মমতা জানান, দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই আবেদন করা যাবে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *