আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ সেপ্টেম্বর: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং’য়ের বাড়িতে পরপর দু’দিন বোমা মারার ঘটনায় সাংসদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল কেন্দ্রের তরফে। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বদলে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল অর্জুন সিং’কে।
প্রসঙ্গত, ৮ তারিখ সাংসদের বাসভবন মজদুর ভবনে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। এরপর ফের মঙ্গলবার সকালে বোমাবাজি হয় সাংসদের বাড়ির পেছনে। এরপর সাংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তদন্তে আসে। তল্লাশি চলে সাংসদের বাসভবনের আশেপাশে। ঘটনাস্থলে আসে সিআইডি বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দলের সদস্যরা।
তল্লাশি চলাকালীন সাংসদের বাড়ির অদূরে উদ্ধার হয় ৩ টি তাজা বোমা। বোমাগুলি উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এতেও থামেনি বোমাবাজির ঘটনা। আর জগদ্দল এলাকায় একের পর এক দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।
জগদ্দল এলাকায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং’য়ের বাড়িতে পরপর দু’দিন বোমাবাজির ঘটনা ঘটার পর মঙ্গলবার রাতে ফের একবার বোমাবাজির ঘটনা ঘটে। এবার দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজি হয় জগদ্দলের কলাবাগান এলাকায়। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বারবার দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছে জগদ্দল এলাকা। এবার সাংসদের বাড়িতে বোমাবাজি ও তার বাড়ির অদূরে তাজা বোমা উদ্ধার সেইসঙ্গে মঙ্গলবার রাতে ফের দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই ভাটপাড়া জগদ্দল এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। সেই সঙ্গে এলাকাবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। এই সমস্ত ঘটনার জন্য নিরাপত্তাহীনতা বোধ করেন সাংসদ অর্জুন সিং ও তার পরিবার। সাংসদ এই সমস্ত ঘটনা কেন্দ্রের কাছে জানালে আইবি দপ্তর এর সত্যতা যাচাই করে ও সাংসদ অর্জুন সিং’য়ের নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরির নিরাপত্তা ঘোষণা করে।
এই বিষয়ে সাংসদ অর্জুন সিং এদিন বলেন, “রাজ্যের পুলিশ আমার বাড়িতে যারা বোমা মেরেছিল তাদের না ধরে উল্টে আমাকে ফাঁসানোর চেষ্টা করে চলেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এখন দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে, আমার বাড়িতে যারা বোমা মেরেছে তাদের না খুঁজে উল্টে আমার এখানে বোম ছিল তা প্রমাণ করার চেষ্টা করছে। রাজ্য পুলিশ আমাকে ঠিক করে নিরাপত্তা দিতে পারছে না। তাই আমি লোকসভার স্পিকারের কাছে সমস্ত ঘটনা জানিয়ে আবেদন করেছিলাম। এরপর সমস্ত বিষয়ের সত্যতা যাচাই করে তবেই আমার নিরাপত্তা বাড়ানো হচ্ছে।”
তবে অর্জুন সিং’য়ের নিরাপত্তা বাড়িয়ে জেট ক্যাটাগরি করার বিষয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন সিংয়ের গুরুত্ব বিজেপিতে কমে যাচ্ছিল তাই নিজের টিআরপি দলের মধ্যে বাড়ানোর জন্য নিরাপত্তা জেড ক্যাটাগরি করবার জন্য অর্জুন সিং নিজে বাচ্চা বাচ্চা ছেলেদের টাকা দিয়ে নিজের বাড়িতে বোমা মারার নাটক করেছে। ওর আছে টা কি এখন, কেউ অর্জুন সিংকে মারতে চাইবে না। কারণ ও ভোটের পর মানসিক ভাবে বিপর্যস্ত।

