মূল্যবৃদ্ধি রুখতে আরো এক বছর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

আমাদের ভারত, ২৯ অক্টোবর: ইচ্ছে মতো চিনি রপ্তানি করা যাবে না। চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি রাখলো সরকার। আরো এক বছর এই সিদ্ধান্ত বজায় রাখল কেন্দ্র।

গত মে মাসে চালু হয়েছিল চিনি রপ্তানিতে নিয়ন্ত্রণ। গতবারের ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের শেষ পর্যন্ত এই নিষেধা জারি থাকবে বলে জানিয়েছিল কেন্দ্র। এবার তা বাড়ল আরো এক বছরের জন্য। শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। নিয়ন্ত্রণের মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা বজায় রাখল কেন্দ্র সরকার।

গত মে মাস পর্যন্ত রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি করেছিল চিনি কলগুলি। ফলে দেশের বাজারে দাম বেড়েছিল চিনির। পরিস্থিতি সামাল দিতে খাদ্য মন্ত্রক এক কোটি টনের বেশি পরিমাণ চিনি রপ্তানি করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করে। জানিয়ে দেওয়া হয় সরকারি অনুমোদন ছাড়া রপ্তানি করা যাবে না।

ডাইরেক্টরেট অফ সুগার এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকর করছে খাদ্য মন্ত্রকের অধীনে। বিশ্বে চিনি উৎপাদনে ভারত প্রথম স্থানে। ব্রাজিলের পর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ ভারত। মার্চ মাসে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মূল্যবৃদ্ধির ওপরে নিয়ন্ত্রণ রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে মোদী সরকার বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছিল। প্রধান রপ্তানিকারক দেশ ব্রাজিলের চিনি কম উৎপাদন হওয়া ও সেখানকার চিনির মিল গুলি আখ ভিত্তিক ইথানাল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ার কারণে বিশ্বজুড়ে চিনির মূল্য বৃদ্ধি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *